অন্যায়কারীদের শেখ হাসিনার পতন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান: মঈন খানবিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, ন্যায় ও সততা ছাড়া পৃথিবীর কোনো দেশ উন্নতি করতে পারে না। যাঁরা অন্যায় ও অপরাধের পরিকল্পনা করছেন এবং যাঁরা অন্যায়কারী, তাঁদের শেখ হাসিনার পতন থেকে শিক্ষা নিতে হবে।
মোরেলগঞ্জ পৌর বিএনপির সদস্যসচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় গবেষণাবিষয়ক সম্পাদক শামীমুর রহমান এবং গণশিক্ষাবিষয়ক সম্পাদক মোরশেদ আসিফ।
মঈন খান বলেন, ছাত্র–জনতার বিপ্লবের মাধ্যমে এ দেশে দেড় দশকের স্বৈরশাসন শেষ হয়েছে। যারা স্বৈরশাসক ছিল, তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ছাত্রদের আত্মত্যাগের ফলে দেশ স্বাধীন হয়েছে। ছাত্ররাই দেশের স্বার্থে গুলির মুখে বুক পেতে প্রস্তুত।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য উল্লেখ করেন, “একজন রাজনীতিবিদ যখন গুলির সামনে দাঁড়ান, তখন তিনি অনেক কিছু ভাবেন—পরিবার, সম্পত্তি, সামাজিক অবস্থান। কিন্তু একজন ছাত্র দেশের জন্য গুলির সামনে আসতে দ্বিধা করেনা, কারণ তার কাছে ক্ষমতার বা সম্পদের কোনো লোভ নেই।”
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বৈষম্যহীন বাংলাদেশে অন্যায় বরদাশ করা হবে না। এ দেশে আর কেউ অন্যায় করতে পারবে না। যতই ক্ষমতাবান হোক অন্যায় ও জুলুমকারীরা, তাঁদের শেখ হাসিনার থেকে শিক্ষা নেওয়া উচিত।
