ওয়াশিংটনে উড়োজাহাজ ও হেলিকপ্টার বিধ্বস্ত, ১৮ মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি যাত্রীবাহী উড়োজাহাজ ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের পর নদীতে বিধ্বস্ত হওয়ার ঘটনায় কমপক্ষে ১৮ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এক পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি অনুযায়ী, নদী থেকে বেশ কয়েকটি মরদেহ তোলা হয়েছে।
যাত্রীবাহী উড়োজাহাজ
বর্তমানে বিমানবন্দরে মৃতের স্বজনদের ভিড় লক্ষ্যণীয়, যারা বলছেন, তারা কর্তৃপক্ষের কাছ থেকে তেমন তথ্য পাচ্ছেন না। বরং বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকেই অধিক তথ্য সংগ্রহ করছেন।
২০০৯ সালের ফেব্রুয়ারির পর এটি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী উড়োজাহাজে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটল। যদিও সাম্প্রতিক বছরগুলোতে উড়োজাহাজে অন্যান্য দুর্ঘটনা ঘটেছে, যা হতাহতের কারণ হতে পারত এবং এটি নিয়ে উদ্বেগ বাড়ছে।
১৯৮২ সালে পটোম্যাক নদীর ওপর ফোরটিনথ স্ট্রিট ব্রিজে এয়ার ফ্লোরিডা ফ্লাইট ৯০ বিধ্বস্ত হয়েছিল, যেখানে ৭০ জন যাত্রী ও ৪ জন ক্রু প্রাণ হারিয়েছিল। মাত্র চার যাত্রী ও একজন ক্রু বেঁচে গিয়েছিলেন।
নভেম্বর(২৯ জানুয়ারি) রাতে রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইনের একটি অভ্যন্তরীণ যাত্রীবাহী উড়োজাহাজের সাথে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ ঘটে। এর পর উড়োজাহাজ ও হেলিকপ্টারটি হিমশীতল পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়।
আমেরিকান এয়ারলাইনস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, তাদের উড়োজাহাজটিতে ৬৪ জন আরোহী ছিল, যার মধ্যে ৬০ জন যাত্রী ও ৪ জন ক্রু। অন্যদিকে, এক মার্কিন কর্মকর্তার মতে, হেলিকপ্টারে তিনজন সেনা ছিলেন।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জয়েন্ট টাস্কফোর্স-ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের গণমাধ্যমের প্রধান হেদার চাইরেজ সিবিএস নিউজকে জানিয়েছেন, সংঘর্ষে সামরিক হেলিকপ্টারটি প্রশিক্ষণ ফ্লাইটে ছিল।
বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষে বিমানটি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এবং হেলিকপ্টারের উপরের অংশও নিচে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই ভয়াবহ দুর্ঘটনার বিষয়ে তাকে অবহিত করা হয়েছে। তিনি এক বিবৃতিতে বলেন, "ইশ্বর তাদের আত্মাকে শান্তি দিন।" ট্রাম্প পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন। নতুন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও বলেছেন, পেন্টাগন সক্রিয়ভাবে পরিস্থিতি নজর রাখছে।
সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, পুলিশ ও ফায়ার ডিপার্টমেন্টের কর্মীরা তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে, এবং সিএনএনের খবর অনুযায়ী, মার্কিন কোস্ট গার্ড উদ্ধার অভিযানে নিয়োজিত হচ্ছে।
Tags
বিশ্ব